অপপ্রচারের প্রতিবাদে সান্তু এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার, ব্যক্তিগত মানহানি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সান্তু এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম সান্তু।

মঙ্গলবার বেলা ৩টায় শিবগঞ্জের গুজিয়াস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে সান্তু বলেন, সম্প্রতি “মোঃ আতাউর রহমান প্রবাসী” নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ও অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। অশ্রাব্য ভাষায় ব্যক্তিগত এবং পারিবারিক মানহানি, মনগড়া ভিডিও তৈরি এবং ব্যবসায়িক ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, উক্ত ফেসবুক আইডিটির ব্যবহারকারী শিবগঞ্জ উপজেলার বেলগাড়ী গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে সৌদি প্রবাসী আতাউর রহমান। ২০২৪ সালের ২৮ নভেম্বর বৈধ প্রক্রিয়া ও সম্পূর্ণ নিয়ম মেনে সান্তু এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে তাকে সৌদি আরবে প্রেরণ করা হয় এবং তিনি সেখানে যথাযথভাবে কাজও শুরু করেন। কিন্তু প্রায় পাঁচ–ছয় মাস পর নিজ কর্মস্থল ত্যাগ করে তিনি অবৈধ অবস্থানে চলে যান।

সান্তু বলেন, “নিজের ভুল ঢাকতে এবং ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে আতাউর রহমান আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে। এ ধরনের অপপ্রচার আমার বহু বছরের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করার এক ন্যাক্কারজনক চেষ্টা।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সততা, ন্যায়নীতি এবং আইনগত নিয়ম মেনে সান্তু এয়ার ইন্টারন্যাশনাল ব্যবসা পরিচালনা করে আসছে। কিছু অসাধু মহল ও ব্যক্তির প্ররোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত মর্যাদা ছাড়াও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

সান্তু জানান, ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কাছে প্রবাস ব্যবস্থা সংক্রান্ত সকল বৈধ নথিপত্র সংরক্ষিত আছে এবং সেগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তরও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি তুলে ধরেন-
পরিকল্পিত অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনের শেষাংশে সান্তু বলেন, “আমি সবসময় ন্যায়নীতি, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা পরিচালনা করেছি। ভবিষ্যতেও এ নীতিমালা বজায় রাখব। আমার বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচার আইনি ও প্রাতিষ্ঠানিক উপায়ে মোকাবিলা করা হবে।”

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।