আলোচিত সেই যুবদল নেতা বহিষ্কার

ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যুর অভিযোগসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত সেই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত জহিরুল ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন।
মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জহিরুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি সালিশের নামে এক যুবককে মারধরে তার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে জহিরের বিরুদ্ধে । ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ প্রেক্ষাপটে দলীয় নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয়।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ারও স্বাক্ষর রয়েছে।






























