নারীদের ক্ষমতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান বলেন,একটি দেশ কখনো শুধু পুরুষদের মাধ্যমে এগিয়ে যেতে পারে না। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদেরও সমানভাবে সম্পৃক্ত করতে হবে। নারীদের ক্ষমতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হাসান রাজীব প্রধান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সাদা শার্ট পরে ঘোরেন। ওই সাদা শার্ট যেমন ফ্রেশ, তেমনি মনটাও ফ্রেশ। দেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের ৫০ শতাংশ নারী। বাংলাদেশকে আরও গতিশীল করতে হলে এই ৫০ শতাংশ নারীকে কাজে লাগাতে হবে। নারীদের সঙ্গে নিয়েই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নারীদের নিয়ে বহুমুখী চিন্তা করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।