কক্সবাজারের রামুতে ইয়াবা পাচারের সময় আটক ৩ নারী, উদ্ধার প্রায় ১ লাখ ২০ হাজার পিস

কক্সবাজারের রামু উপজেলায় অভিনব কৌশলে শরীরে পেঁচিয়ে ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা, যা প্রায় ১ লাখ ২০ হাজার পিসের সমপরিমাণ।
শনিবার (১৬ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় পৃথক দুই দফা ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আসামিরা নিজেদের শরীরে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে ইয়াবাগুলো পেঁচিয়ে রেখেছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) এবং হাজেরা খাতুন (৬৫)। তারা সবাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একই এলাকার বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ নারী মাদক পাচার চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার) সূত্র জানায়, শনিবার বিকেলে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি ইজিবাইকে করে বড় ধরনের ইয়াবার চালান রামুর দিকে আনা হচ্ছে। পরে র্যাবের একটি চৌকস আভিযানিক দল রামু হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে সন্দেহভাজন একটি ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে নারী র্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রী লাইলি বেগম ও গুল বাহারের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরে অভিনব কৌশলে পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে হাজেরা খাতুনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে আরও ২২টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মোট ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নারী সদস্যদের ব্যবহার করে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।























