মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর আরোপের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটির মোটরসাইকেল চালক ও আরোহীরা একটি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় শহরের বনরূপায় সাধারণ বাইকারদের ব্যানারে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মোটরসাইকেল কোনো বিলাসিতার সামগ্রী নয়, বরং সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জন্য এটি একটি অপরিহার্য পরিবহন মাধ্যম। মানববন্ধন থেকে জোরালো দাবি জানিয়ে বক্তারা বলেন, এই জনবিরোধী ও অতিরিক্ত করের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই কর দ্রুত প্রত্যাহার করা না হলে দেশজুড়ে বাইকারদের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলন শুরু করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি সরকারের পক্ষ থেকে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে মোটরসাইকেলের ওপর নতুন করে বাড়তি কর ও নিবন্ধন ফি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের সিসি (CC) বা ইঞ্জিনের সক্ষমতাভেদে সম্পূরক শুল্ক ও অগ্রিম করের (AIT) হার পুনর্বিন্যাস করায় দেশের বাজারে প্রতিটি মোটরসাইকেলের দাম ও রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।






























