কক্সবাজারে র্যাব-১৫-এর অভিযানে প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার, আটক ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একাধিক থানায় ছয় মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি সাদা রঙের সেডান প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
জিজ্ঞাসাবাদের সময় গাড়ির চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দিলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়া এলাকার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)। বর্তমানে রিয়াজুল বখতিয়ার ঢাকার খিলক্ষেত উত্তরপাড়ায় বসবাস করেন।
র্যাব জানায়, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার অপরাধের তথ্যভান্ডার (PCPR) পর্যালোচনায় দেখা গেছে, রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি কক্সবাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।
উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, জব্দকৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।




























