কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁচা রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুরে কাঁচা রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১১ টায় জনদুর্ভোগ নিরসন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তা-ঘাটে কমবেশি উন্নয়নের ছোঁয়া লাগলেও উত্তর গোবিন্দপুর ২২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাহের বাবুর বাড়ি হয়ে বাঘারিচর গ্রামের ভিতর দিয়ে বাকচান্দা বাজার সংযোগকারী গুরুত্বপূর্ণ শতবর্ষী পুরানো একটি রাস্তা এখনো বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

এ কাঁচা রাস্তাটি দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় বর্তমানে যানবাহন ও পথচারী চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। তাই ভুক্তভোগীরা কর্দমাক্ত শতবর্ষী ওই গ্রামীণ রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের শতবর্ষী এ রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষার বৃষ্টিতে কাদায় চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে গ্রামের হাজারও মানুষ প্রতিদিন হাটবাজার, ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, জেলা শহরে যাতায়াত করে।

প্রতিদিনই মানুষ এই রাস্তায় চলতে নানা দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষত বয়স্ক মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ বিপদগ্রস্ত। রাস্তার বেহাল দশায় ফলে কোনো গাড়িচালক এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে আসতে চায় না। স্থানীয়রা জানান, কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় পা পিছলে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় রোগীদেরকে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কেউই কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই ওইসব রাস্তায় মারাত্মক কাদায় যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে। এমনকি খালি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে যায়। এতে আশপাশের অন্য গ্রামের মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশেষ করে বর্ষা মৌসুম এলেই এ ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। এ রাস্তাটি একশো বছরেও পুরানো। চলাচলের জন্য গ্রামের ভেতর দিয়ে যাওয়া তিন কিলোমিটার কাঁচা রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে গ্রামের প্রায় দশ থেকে পনের হাজারেরও অধিক মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে। জমির ফসল এ রাস্তা দিয়েই ঘরে তুলতে হয়।

বক্তারা আরও জানান,
উত্তর গোবিন্দপুর ২২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাহের বাবুর বাড়ি হয়ে বাঘারিচর পর্যন্ত চলাচলকারী গ্রামীণ ওই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আরাফাতুল ইসলাম মাহিম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ তাজুল ইসলাম (শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়) মোঃ ফরহাদ হোসেন , সোহেল রানা আহবায়ক জনদুর্ভোগ নিরশন কমিটি মোঃ নাসির উদ্দিন (শিক্ষক), অটোচালক মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাসিম উদ্দিন, রফিকুল ইসলাম, মোঃ মুখলেসুর রহমান প্রমুখ।