কুয়াকাটায় যুবদলের ৪ হাজার শাড়ী বিতরণ

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে উপহার হিসেবে ৪ হাজার নারীদের মাঝে শাড়ী বিতরণ করেছেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক। ঈদের উৎসব সবার মাঝে ভাগ করে নিতে এ শাড়ি বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার (১৮ মার্চ) সকাল ৯ টা থেকে এই ব্যতিক্রমী কার্যক্রম শুরু করা হয়।

কুয়াকাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অটোভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় এই ঈদ বস্ত্র। যার কারণে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষজনকে লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হয়নি। বরং তাদের দোরগোড়ায় পৌঁছে যায় ঈদের উপহার। এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে দেখছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ঈদ এলে অনেক পরিবারের জন্য নতুন পোশাক কেনা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে উপকূলীয় এই অঞ্চলে জেলে ও দিনমজুরদের আয় অনিশ্চিত হওয়ায় উৎসবের আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায়।

তবে সৈয়দ মোঃ ফারুকের এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে। অনেকেই বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এতে আমাদের পরিবারের ঈদটা একটু হলেও আনন্দময় হবে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত সংখ্যক পরিবারকে শাড়ি প্রদান করা হয়েছে। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। অটোভ্যান ব্যবহার করে সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ফলে কোনো ধরনের ভীড় বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল , যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর মোল্লা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এছাড়াও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।