খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭এর উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭এর উদ্বোধন করেছে। জেলার মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (২রা জুলাই) সরকার ঘোষিত সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী সরাসরি স¤প্রচার করা হয়। এর অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি একযোগে উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

উপজেলা রিসোর্স সেন্টারের(ইউআরসি) ইন্সট্রাক্টর আজগর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ, সাম্য, মানবতা ও স¤প্রীতির প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত, দেশপ্রেম এবং শোষণ-নিপীড়নের বিরুদ্ধে উচ্চারিত বলিষ্ঠ কণ্ঠ আজও মানুষকে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য ও মানবতারও কবি। ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবির জীবন ও আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে।

বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মাটিরাঙ্গায় তাঁর সাহিত্য ও দর্শন ছড়িয়ে দেওয়া হবে।”

আলোচনা সভা শেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটের মোড়ক ও লোগো উন্মোচন করা হয়।

উল্লেখ্য, সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫শে মে ২০২৬ থেকে ২৫শে মে ২০২৭পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপিত হবে।