জয়পুরহাটের পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে এসডিএস এর উদ্যোগে গরু বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে।
(১ আগস্ট) শনিবার বিকেলে পাঁচবিবির বটতলী (লতিহাটি) এলাকায় এসডিএসের প্রধান কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে “বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তার, কো-অর্ডিনেটর লিটন, প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গরু বিতরণের মাধ্যমে দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও সুবিধাবঞ্চিত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
এ ধরনের আয়বর্ধক কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















