টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাব-১৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। তবে এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই ব্যাগ তল্লাশি করে ১ কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৩ কেজি কথিত অ্যামফিটামিনজাতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
র্যাব আরও জানায়, পলাতক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকের মতো ভয়ংকর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






















