দিনাজপুরের বীরগঞ্জে নৌকা বাইচে মাদকবিরোধী বার্তা, নদীপাড়ে উৎসবের ঢল

মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে দিনাজপুরের বীরগঞ্জে ব্যতিক্রমধর্মী নৌকা বাইচ প্রতিতযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে সামাজিক বার্তার এমন সমন্বয়ে নদীপাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার ০৭ এপ্রিল বিকেলে উপজেলার বীরগঞ্জ ঢেপা নদীর সুইসগেট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর দুই তীরে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা। পরিবার-পরিজন নিয়ে আসা মানুষজনের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি) এর উদ্যোগে আয়োজিত এ আয়োজনের লক্ষ্য ছিল তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষদের একাধিক দল অংশ নেয়।

বৈঠার ছন্দে ছন্দে এগিয়ে চলা নৌকাগুলোর প্রতিযোগিতা উপভোগ করেন হাজারো দর্শক। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় পুরুষ বিভাগে কার্তিক দাস ও দীপালী রানীর দল বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দর্শনার্থী দশম শ্রেনীর শিক্ষার্থী তামিম আহমেদ বলেন, এ ধরনের আয়োজন আমাদের শুধু বিনোদনই দেয় না, বরং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলে। এমন উদ্যোগ নিয়মিত হলে তরুণ সমাজ উপকৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও নৌকা বাইচের পাশাপাশি আয়োজনস্থলে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ পিঠা-পুলির দোকান এবং বিভিন্ন পণ্যের দোকান। এতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে আনন্দের পাশাপাশি ছড়িয়ে পড়ে সামাজিক সচেতনতার বার্তা।

আয়োজকরা জানান, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।