নওগাঁর বদলগাছীতে রহস্যজনকভাবে ভ্যান চালক খুন, পাশে অক্ষত ভ্যান উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ভ্যান চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(৯ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর–বৈকন্ঠপুর সড়কের জিয়া শিমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের অদূরেই রাস্তার ওপর তাঁর ব্যবহৃত ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা না গেলেও পরে শনাক্ত করা হয়, নিহত ব্যক্তি উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মিঠু হোসেন (৪০)। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন শেষে হয়ত রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন পথচারী রাস্তার ওপর লাইট জ্বালানো অবস্থায় একটি ভ্যান এবং তার পাশে একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী সোহরাব শাওন জানান, “মরদেহের পাশেই ভ্যানটি দাঁড়িয়ে ছিল এবং ভ্যানটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে নিহতের ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ছিনতাই, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ জড়িত আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, “লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, সাম্প্রতিক সময়ে বদলগাছী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাতে সড়কে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় অপরাধের ঝুঁকি বাড়ছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।