নেত্রকোণার পূর্বধলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

নেত্রকোণার পূর্বধলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার এসআই মো. রফিকুল ইসলাম।
নিহতরা হচ্ছেন, উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা আয়নাল হক (৫৭) এবং আনুমানিক বয়স ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
আহতরা হচ্ছেন, মোল্লা মিয়া (৪৫), ডা. সারা তাবাসসুম উর্মি এবং মনির হোসেন (২৩)। তারা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসআই মো. রফিকুল ইসলাম বলেন, দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি বাস এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সড়কের ইলাসপুরে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসআই আরও জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






























