নেত্রকোনার দুর্গাপুরে কুড়িয়ে পাওয়া অ-বিস্ফোরিত মর্টারশেল নিস্ক্রিয় করার অপেক্ষায়

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় ৬০ মিলিমিটারের একটি অ-বিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সীমান্তবর্তী ভবানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে ভবানীপুর গ্রামের কয়েকজন কিশোর পাহাড়ি ছড়ার পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় কাদা-মাটির ভেতরে তারা একটি লোহার বস্তু দেখতে পায়। পরে ওই গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে তামিম সেটি বাড়িতে নিয়ে আসে।

এরপর ভাঙারির দোকানে বিক্রি করার প্রস্তুতি নিলে তার বাবা আমজাদ আলীর সন্দেহ হয়। তিনি বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি ঘটনাস্থলে এসে সেটিকে ৬০ মিলিমিটারের অ-বিস্ফোরিত মর্টারশেল হিসেবে শনাক্ত করে।

পরে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে মর্টারশেলটির চারপাশ বালুর বস্তা ও লাল পতাকা দিয়ে নিরাপদ বেষ্টনী তৈরি করা হয়। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

কিশোর তামিম জানায়, আমরা কয়েকজন মাছ ধরতে গিয়ে এটি পাই। পরে বাড়িতে এনে পরিষ্কার করি। ভাঙারিতে বিক্রি করে কটকটি খাব এই জন্যই বাড়িতে এনেছিলাম। বাড়িতে আনার পর আব্বা বুঝতে পারে এটি বোমা। আমি তো বুঝিনি এটা বোমা, ভেবেছিলাম লোহার কোনো জিনিস।

এ বিষয়ে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, বর্তমানে বোম ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করা করা হয়েছে, তারা উপস্থিত হলেই প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করার পর এটিকে সীমান্ত এলাকায় নিরাপদে ধ্বংস করা হবে।