পটুয়াখালীর কলাপাড়ায় নিশাচর ব্রাউন বুবক উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি নিশাচর ব্রাউন বুবক পাখি (পেঁচা প্রজাতি) উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রোববার বিকালে ওই এলাকার বিলকিচ জাহান নামের এক গৃহবধূ তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রানীকল্যান ওই সংগঠনটির সদস্যদের খবর দেয়।

তারা এসে উদ্ধারের পর পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় তাকে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে চিকিৎসা প্রদান করেন। এছাড়া এটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হবে বলছে সেবা দানকারী এই সংগঠনটির সদস্যরা।

কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মারুফ বিল্লাল খান বলেন, উদ্ধার করে নিয়ে আসা প্রাণীটি একটি নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক।

এটি বাদামী বুবক, এদের চোখ অনেক বড় এবং হলুদ হয়ে থাকে। বড় বড় চোখের চাহনিতে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়। এটি আসলে বিরল প্রজাতির একটি পেঁচা বা পাখি।

এখানে নিয়ে আসার পর জানতে পেরেছি যে ঘুড়ির সুতায় লেগে পাখিটি আহত হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে সুস্থ হয়ে যাবে।