পাহাড়ের সকল মানুষের উন্নয়নে কাজ করব: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙ্গামাটি পৌঁছেছেন এবং রাঙ্গামাটি জেলাবাসী ও রাঙ্গামাটি প্রশাসনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানিয়েছেন। আজ তিনি তার সংসদীয় নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে পৌঁছালে রাঙ্গামাটি গোদারপাড় এলাকা থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটি সার্কিট হাউসে পৌঁছালে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিএসসি, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পার্বত্য মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাঙ্গামাটিতে এসে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা পাহাড়ের সকল মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করব। আমাদের মূল লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো সহ সকল ক্ষেত্রের উন্নয়ন করা। পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সকলকে নিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। যেখানে দীর্ঘ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পৌছায়নি সেখানে আমরা উন্নয়নের কাজে হাত দিবো।

পার্বত্য মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনগণের সেবা করার মাধ্যমে আমাদের দেশের সুষম উন্নয়ন আনতে হবে। বিএনপি এখন জনগণের সেবক। তাই তিনি প্রতিটি নেতাকর্মীকে জনগণের সেবা করার মানসিকতা নিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান।