বগুড়ার মোকামতলার বন্ধন যুব উন্নয়ন ক্লাবের ঈদ পুনর্মিলনী

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর গাজমেতলা বন্ধন যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অভিরামপুর গাজমেতলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু।
সমাজসেবক লতিফুল হাসান শয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শরিফুল হাসান নয়ন, বন্ধন যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান এবং চিকিৎসক ডা. সাদ্দাম।
শিক্ষক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসবের আয়োজন নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যুবসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল যুবসমাজই পারে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, শিক্ষা বিস্তার, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবকদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। শেষে ঈদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।














