বন্যাকবলিত অঞ্চলে বিশেষ ওএমএস কার্যক্রমের সড়ক প্রচারে রাঙ্গামাটি জেলা তথ্য অফিস

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলায় বন্যাকবলিত যে ৭ উপজেলাতে ১৯ জুলাই হতে ওএমএস কার্যক্রম শুরু হয়েছে তা জনসাধারণকে জানাতে সড়ক প্রচার করেছে রাঙ্গামাটি জেলা তথ্য অফিস।

৭ উপজেলার মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলাতে মানিকছড়ি এলাকা ও বড়দাম ব্রিজ সংলগ্ন বেড়ান্না লেক এলাকায় ওএমএস কার্যক্রম চলমান। অন্যান্য উপজেলাতেও প্রতিদিন ২ টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিতরণ চলছে যেখানে চালের মূল্য কেজি প্রতি ৩০ টাকা ও আটার মূল্য ২৪ টাকা।

প্রতি বিক্রয় দিবসে একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি আটা ও ৫ কেজি চাল কিনতে পারবেন। একজন ভোক্তা উপজেলার ওএমএস ডিলারের দোকান থেকে প্রতিদিন (শুক্র, শনি ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত চাল ও আটা ক্রয় করতে পারবেন।

এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বন্যা কবলিত এলাকাগুলাতে জুলাই ২০২৬ সালে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। তৎপ্রেক্ষিতে ১০ উপজেলার ৫০ ইউনিয়নের ৫২ টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে কার্ডধারী উপকারভোগী পরিবারের মধ্যে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কার্ডধারীগণকে নির্ধারিত কেন্দ্রসমূহ থেকে জুলাই ২০২৬ এর মধ্যে বরাদ্দকৃত চাল সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।