বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ, তবে তারা কেমন সম্পর্ক রাখবে সেই সিদ্ধান্ত ভারতকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ভারতের মাটিতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবার নতুন করে জঙ্গিবাদের পুরনো তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ অতীতে দেশে যে জঙ্গিবাদের কার্ড খেলেছে, বর্তমানে ভারতে বসেও তারা সেই একই অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখতে দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ। ভারতের মাটিতে বসে বাংলাদেশের সাজাপ্রাপ্ত নেতারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তা বন্ধের উদ্যোগ নেয়ার দায়ভার ভারতের ওপরই ছেড়ে দেন তিনি।
শামা ওবায়েদ স্পষ্ট জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হোক- এটা সবার কাম্য, কিন্তু সাজাপ্রাপ্ত নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হবে কি না, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।
আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে নিয়ে তাদের পররাষ্ট্রনীতি কী হবে তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমরা চাই দুই দেশের জনগণের স্বার্থে ভালো সম্পর্ক থাকুক। কিন্তু সম্পর্কটা তো হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের জায়গা রেখে এবং নিজেদের স্বার্থটাকে বজায় রেখে। সেটা ভারত বুঝতে পারলে সবার জন্য মঙ্গল।






























