বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে মিলল ১ লাখ ইয়াবা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, জালিয়াছড়ি এলাকার জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৭টার দিকে র‌্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির উঠানের পাশে মাটির নিচে বিশেষভাবে বস্তাবন্দি অবস্থায় লুকিয়ে রাখা ১০টি বান্ডেল ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ছিল ১০ হাজার পিস করে ইয়াবা। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকার আলী আহমদ ও গুলবাহার দম্পতির ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে কৌশলে মাদক সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। মাদক নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।