ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় জনসংখ্যা বাড়লেও কমলো বাজেট

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার জনসংখ্যা বাড়লেও আগের বছরের তুলনায় এবার বাজেটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। বুধবার দুপুরে পৌর মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরে ঘোষিত বাজেট সম্পর্কে অবহিত করা হয়েছে।
নতুন করারোপ ছাড়াই বাজেটে আয় ধরা হয়েছে ১৭ কোটি ৮৬ লক্ষ ৯ হাজার ৩৬৫ টাকা ৬৭ পয়সা ও ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লক্ষ ৪০ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৬৯ হাজার ৩৬৫ টাকা ৬৭ পয়সা।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
এ সময় তিনি বলেন, প্রণীত বাজেটটি সঠিকভাবে বাস্তবায়ন করতে সুশীল সমাজের সাথে আলোচনার মাধ্যমে পৌরসভাকে আরও সুন্দর ও গতিশীল করা সম্ভব। বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পৌর বাজারের যানজট নিরসনে পৌরসভার কার্যকরী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিগত বছরগুলোর বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে গৌরীপুর পৌরসভার বাজেট ছিল ৫২ কোটি ৬২ লক্ষ ৭১ হাজার ৪১১ টাকা ও ব্যয় ৫১ কোটি ৪৩ লক্ষ ৫ হাজার টাকা এবং তার আগের ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ছিল ৬০ কোটি ২৬ লক্ষ ৫৯ হাজার ৪৩৯ টাকা ৪১ পয়সা ও ব্যয় ৫৯ কোটি পযবংং লক্ষ ৬৩ হাজার ৭৫০ টাকা।
বিগত বছরগুলোর তুলনায় হঠাৎ বাজেট এতটা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা জানান, গত ১০ বছরের আয়-ব্যয়ের টালি পরীক্ষা করে দেখা গেছে যে পৌরসভার প্রকৃত সর্বোচ্চ আয় ১১ কোটি ৯৩ লক্ষ টাকা হলেও প্রতি বছর অবাস্তবভাবে ৫০ কোটি টাকার উপরে বাজেট নির্ধারণ করা হতো, যা সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিত। তাই এবার বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এই সঠিক বাজেট ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌরসভার বিভিন্ন প্রকল্প পাঠানো হয়েছে এবং সেগুলো পাস হলে পৌরসভার দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে।
গৌরীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম,।
সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহামেদ, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, কমল সরকার, সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন, সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহাম্মেদ, মোঃ কামাল উদ্দিন এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবীর হীরা ও সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল প্রমুখ।






























