ময়মনসিংহে মাদক বিরোধী সভা-পুরস্কার বিতরণ

বিশ্ব মাদক সমস্যা চলমান সংকটে নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।পরে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
এসময় তিনি মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।এতে সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।






























