রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত, সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র ঘোষণা

ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি জেলার ০৮/০৭/২০২৬ তারিখ (বুধবার) এইচএসসি পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। বন্ধ রাখা হয়েছে রাঙ্গামাটি জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম।

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় ও আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।

অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস/পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে (মঙ্গলবার) ০৭.০৭.২০২৬ তারিখ সন্ধ্যা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

এসময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।