প্রাকৃতিক সৌন্দর্য, শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, মেধা বিকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। ১৯৪৬ সালের ১৮ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রায় আট দশক ধরে আলোকিত মানুষ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঝাঁপা বাওড়ের মনোরম তীরঘেঁষে বিদ্যালয়টির অবস্থান। চারদিকে সবুজ বনায়ন, নির্মল পরিবেশ এবং জলাভূমির নয়নাভিরাম দৃশ্য বিদ্যালয়টিকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচিতি। ভোরের বিশুদ্ধ বাতাস আর পড়ন্ত বিকেলের সূর্যাস্ত উপভোগ করতে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসেন।
বিদ্যালয়ের পশ্চিম পাশে ঝাঁপা বাওড়ের তীরে নির্মিত দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রটি এখন স্থানীয়দের হাঁটা, শরীরচর্চা ও অবসর বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্থান।
বিস্তীর্ণ সবুজ ক্যাম্পাসে একটি একতলা, একটি চারতলা ও একটি তিনতলা একাডেমিক ভবন নিয়ে গড়ে উঠেছে বিদ্যালয়টি। প্রায় এক হাজার শিক্ষার্থীর প্রাণচাঞ্চল্যে মুখর এই প্রতিষ্ঠানে সাধারণ ও ভোকেশনাল-দুই শাখায় পাঠদান করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার-এর দক্ষ নেতৃত্বে ৩৪ জন শিক্ষক-কর্মচারী আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের রয়েছে ঈর্ষণীয় সাফল্যের ইতিহাস। প্রতিবছর বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বার্ষিক ক্রীড়া, গ্রীষ্মকালীন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
২০২৬ সালেও সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। উপজেলা বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনের পর যশোর জেলা পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি। দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং বিআরডিপি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে শিক্ষার্থীরা।
একই বছরে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে মণিরামপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। এছাড়া প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফলেও বিদ্যালয়টি উপজেলার শীর্ষস্থান ধরে রেখে শিক্ষা ক্ষেত্রে নিজস্ব শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক জ্ঞানসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে।
আগামী দিনেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
স্থানীয় বাসিন্দা ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. আব্দুস সাত্তার বলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আমাদের গর্ব। এখানকার শিক্ষার মান যেমন উন্নত, তেমনি বিদ্যালয়ের মনোরম পরিবেশও সবার কাছে আকর্ষণীয়। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
আরেক বাসিন্দা শাহিনা খাতুন বলেন- শুধু লেখাপড়া নয়, খেলাধুলা, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বিদ্যালয়টির শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য দেখাচ্ছে। প্রধান শিক্ষক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি দিন দিন আরও সমৃদ্ধ হয়ে উঠছে।
ঐতিহ্য, আধুনিক শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ, সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আজ শুধু মণিরামপুর নয়, সমগ্র যশোর জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত।
স্থানীয়দের প্রত্যাশা, এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতেও তার গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় পর্যায়ে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অভিযাত্রা অব্যাহত রাখবে।






























