রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়া

রাজশাহীর গোদাগাড়ীতে নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবিনা (৪২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর নতুনপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবিনা ওই গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী। তিনি তিন কন্যাসন্তানের জননী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে রুবিনা নিজ বাড়ির একটি সজিনা গাছের ডাল কাটতে যান। তবে তিনি জানতেন না যে, বাড়ির সাবমারসিবল পাম্পের বৈদ্যুতিক তারটি ওই গাছের ডালের সাথে পেঁচিয়ে লিক হয়ে ছিল। রুবিনা একটি হাসুয়া দিয়ে গাছের ডালে কোপ দেওয়া মাত্রই পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন সন্তানের মায়ের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পুরো সারাংপুর নতুনপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অসাবধানতাবশত সাবমারসিবল পাম্পের বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকা গাছের ডাল কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”























