লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিন বাংলাদেশি গুরতর আহত হয়েছেন। তারা হলেন ওই এলাকার শরীফা বেগম, নজরুল ইসলাম ও আফছার আলী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে ৯০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে শরীফা দেখতে পান তার ছাগলকে আক্রমন করেছে একটি চিতা। তিনি সেই ছাগলকে রক্ষা করতে গেলে তার উপরেও হামলে পড়ে সেই চিতা।

এ দৃশ্য দেখে ওই এলাকার নজরুল ও আফছার ওই নারীকে উদ্ধার করতে গেলে তাদের উপরেও আক্রমন চালিয়ে ধান ক্ষেতে লুকিয়ে পড়ে চিতা বাঘটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যায়।

এ ঘটনার পর হাজারো মানুষ লাঠিসোটা নিয়ে এলাকাটি ঘিরে রেখেছে। অপরদিকে বাঘ তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাঘটি বাংলাদেশে ঢুকে পড়েছে বলে ধারণা তাদের।