শনিবার রাঙামাটি-খাগড়াছড়িতে আর্ধবেলা সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় আগামী শনিবার (২৪ অক্টোবর) আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ-সমর্থিত ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সাজেক সড়ক অবরোধ চলার মধ্যেই নতুন এ কর্মসূচি ঘোষণা করা হলো।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধ পালিত হবে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা এ কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি দুই জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।