সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ সরিয়ে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি নেওয়ার চেষ্টাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে সাজেকের উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে গন্তব্যে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে।

সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন প্রায় তিন হাজার পর্যটক। তবে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাঁধার মুখে পড়ে। এসময় সড়কের ব্যারিকেড সরিয়ে পর্যটক বহনকারী গাড়িগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পর্যটকরা নিরাপদে দিঘীনালায় পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধ চলছে বলে জানা গেছে। বুধবার দুপুরে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও সড়ক অবরোধের ঘোষণা দেন।

এর আগে গতকাল বুধবার (২১ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নাজম আশরাফী সাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যেমে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সাজেক ভ্যালি।