সুদ ভিত্তিক নয়, যাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে- অধ্যক্ষ মোসাদ্দেক আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর একে একে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জেলা,উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ (সদর- হোসেনপুর)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভুঁইয়া বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সুদ ভিত্তিক নয়, যাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে, অনেকেই গুজব ছড়ায় যে ইসলামি দল ক্ষমতায় এলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা ঘোষণা দিচ্ছি ইসলামি দল যদি ক্ষমতায় আসে তবে নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করা হবে।

নারীদের জন্য নারীবান্ধব কর্ম ক্ষেত্র তৈরি করা হবে। দুর্নীতির শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে তাঁর একটি মাত্র কারন হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্ব। জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হচ্ছে দুর্নীতিকে চিরতরে উৎখাত করা হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেক পরে সিঙ্গাপুর মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তারা আজকে সমৃদ্ধশালী দেশ, জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশকেও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এই আসনের চিকিৎসা ,শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ উন্নয়নের প্রত্যাশার কথাই তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হযরত মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট খালিদ হোসেন জোম্মন।

আরও বক্তব্যে রাখেন, জামায়াতে ইসলামী মনোনীত গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনিসুর রহমান, ইউনিয়ন জামায়াতের নেতা ইলিয়াস উদ্দিন শামীম, আনোয়ার শাহ, প্রমুখ।

পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।