সোলাইমান ধলু হত্যার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোডের পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি হাছনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাছন (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বিসিক এলাকার বাসিন্দা। তার পিতার নাম শহিবুল্লাহ ওরফে কালু।

র‌্যাব জানায়, কক্সবাজারের লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় আদালত আসামি হাছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।