‎রংপুরের পীরগঞ্জে বিএনপি’র প্রার্থীকে সমর্থন জানালেন সাবেক সাংসদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২৪, পীরগঞ্জ -৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাপার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল।

‎গত ২৭ ডিসেম্বর শনিবার রাতে নিজ নির্বাচনী এলাকার আনন্দ নগর বিনোদন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সমর্থন জানান। এ সময় তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও এলকাবাসীর বৃহত্তর স্বার্থে আমি সাইফুল ইসলামকে সমর্থন দিয়েছি। সে সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

‎মতবিনিময় সভায় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক রংপুর-৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বলেন, নূর মোহাম্মদ মন্ডল একজন পরীক্ষিত রাজনীতিবীদ তিনি একাধারে ২ বারের জাতীয় সংসদ সদস্য ও দু’ দুবারের পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পীরগঞ্জ উপজেলাকে সামনের দিকে আরও এগিয়ে নিতে হবে।

‎মোস্তাফিজার রহমান মানিক মন্ডলের সভপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান আলী প্রধান, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম বাবু, পীরগঞ্জ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবুসহ স্থানীয় সাবেক ও বর্তমান জন প্রতিনিধিরা।