সাতক্ষীরার শ্যামনগরে পিতাপুত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দাখিল করা ৭টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪টি বাতিল এবং ৩টি বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ. এম. গোলাম রেজা এবং তাঁর ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার গ্রুপ) প্রার্থী হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র বাতিল করা হয়। এইচ. এম. গোলাম রেজার মনোনয়নপত্র ঋণ খেলাপি হওয়ায় বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র দলীয় অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে বাতিল করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত জাতীয় পার্টির মহাসচিবের স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্র দাখিল না করায় তাঁর দলীয় মনোনয়ন অবৈধ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর হলফনামায় ভোটারসংক্রান্ত তথ্য অসঙ্গতি পাওয়া যাওয়ায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন। জাতীয় পার্টির (জি. এম. কাদের গ্রুপ) প্রার্থী আব্দুর রশীদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তাঁর মনোনয়নপত্র বৈধতা পায়নি।
অপরদিকে যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), ড. মনিরুজ্জামান মনির (বিএনপি) এবং এস. এম. মোস্তফা আল মামুন মনির (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।





























