সাতক্ষীরার কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন?

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দ ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাজী আলাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রণজিৎ সরকার, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাদি হাসানসহ সংশ্লিষ্টরা।
বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, আগে পূজামণ্ডপে এক হাজার কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা থাকলেও এবার প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সহায়তা নিশ্চিত করতে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ৪৬টি পূজামণ্ডপের প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। বরাদ্দের অর্থ সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।
এলাকার উন্নয়নে এলজিইডির মাধ্যমে সড়ক, স্ট্রিটলাইট ও বিভিন্ন ঘাট-ঘাটলার জন্য বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। সীমান্তবর্তী এলাকায় মাদক প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে সড়ক নির্মাণ এবং আলোকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।






























