১২ তারিখের পর কেউ চাঁদাবাজি করলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে: মাজেদ বাবু

ময়মনসিংহ-(ঈশ্বরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, আমাকে ধানের শীষ প্রতীকে একবার ভোট দিয়ে দেখুন-আমি কথা দিচ্ছি, ১২ তারিখের পর ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদীদের পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে। আজ (০৮ ফেব্রুয়ারি) রোববার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের অঙ্গীকার করতে চাই, যদি এমপি হতে পারি ঈশ্বরগঞ্জের একটি চাকুরীও টাকার বিনিময়ে হবেনা। তিনি বলেন, এই ঈশ্বরগঞ্জে আমি থেকে আমরা হয়ে একটি ঐক্যের ঈশ্বরগঞ্জ গড়তে চাই। আর এটাই আমার রাজনৈতিক চিন্তাভাবনা।
উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে জনসভাস্থলে দুপুর ৩ টা থেকে দলে দলে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নারী-পুরুষ ভোটাররা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাবেশস্থল জনসমুদ্রে রূপ নিয়ে। এ সময় ভ্যানে তৈরী প্রতীকী জমিতে ধানের চারা লাগিয়ে স্লোগান দিতে দেখা গেছে কর্মী সমর্থকদের। ‘লাগারে লাগা, ধান লাগা, ভোট দিব কিসে, ধানের শীষে, মিছিলে মিছিলে মুখরিত হয়ে পড়ে সমাবেশস্থল।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চলনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক
সায়েদুল হক ও সদস্য সচিব মো. নূরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ,
মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






























