নওগাঁর বদলগাছীতে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘড়িয়া গ্রামে সম্পদের মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বিশেষ কৌশলে সেগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর-সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে যৌথভাবে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “অভিযান চালিয়ে পাঁচটি সক্রিয় পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের আশপাশে স্কুল, বাজার ও বসতবাড়ি রয়েছে। বোমাগুলো বিস্ফোরিত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

সিরাজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন,
“এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কাল ভোট, আজ বোমা উদ্ধার—ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।