ফাল্গুনের গরমে স্বস্তির ছোঁয়া: খুলনায় হতদরিদ্রদের হাতে মশারী ও হাতপাখা

খুলনা নগরীর রায়েরমহলে ফাল্গুনের তীব্র গরম ও মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষের মাঝে স্বস্তির ছোঁয়া এনে দিয়েছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এলাকার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে মশারী ও হাতপাখা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রায়েরমহল পশ্চিমপাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সমন্বয়কারী ফারিদা বেগম, জেসমিন নাহার সুমি, অনা ও শিপা। তারা নিজ হাতে উপকারভোগীদের মধ্যে মশারী ও হাতপাখা তুলে দেন।

ফাল্গুনের গরমে যখন দিনভর তাপদাহ এবং রাতভর মশার উপদ্রবে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, তখন এই ছোট্ট সহায়তাই তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। মশারী ও হাতপাখা হাতে পেয়ে উপকারভোগীদের অনেককে সেখানেই হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়। তাদের মুখের হাসিই যেন জানিয়ে দেয় সামান্য সহায়তাও তাদের জীবনে বড় প্রশান্তি এনে দেয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গরমে কষ্টে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যূনতম স্বস্তি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

স্থানীয়রা বলছেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মানবিক এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। ফাল্গুনের গরমে ছোট্ট এই সহায়তাই অনেক দরিদ্র পরিবারের জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। সমাজের বিভিন্ন সংগঠন এভাবে পাশে দাঁড়ালে অসহায় মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।