নওগাঁর মান্দায় দুই পক্ষের সংঘর্ষ: ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ, এলাকায় উত্তেজনা

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম এলাকায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছে বলে জানা গেছে।

তবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার ইন্ধনে ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও এক ইউপি সদস্যকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মাচ বিকেলে কালিগ্রাম কীর্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্বশত্রুতার জেরে রাজু মেম্বারকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হন স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল। সে সময় স্থানীয় বাসিন্দা হযরত আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উজ্জ্বলকে বাধা দেন এবং অস্ত্রটি কেড়ে নিয়ে নিজের হেফাজতে রাখেন।

এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল ১১টার দিকে রাজুর সহযোগী শহিদুল দেলুয়াবাড়ী যাওয়ার পথে কালিগ্রাম এলাকায় পৌঁছালে উজ্জ্বল আবারও তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং উভয় পক্ষের দুজন আহত হন।

ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ এলাকাবাসীর দাবি, সংঘর্ষের সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পরিস্থিতি দেখতে তিনি অনেক পরে সেখানে যান। কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই নেতার ইন্ধনে তাকেই ঘটনার মূল হোতা সাজিয়ে থানায় একটি সাজানো অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পুলিশ ও প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হযরত আলীসহ কয়েকজন জানান, “সংঘর্ষের সময় মেম্বার সাহেব সেখানে ছিলেন না। তিনি এসেছিলেন অনেক পরে খোঁজ নিতে। তাকে অযথা আইনি জটিলতায় ফেলে হয়রানি করা হচ্ছে।

একটি পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।”

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখা হবে। এলাকাবাসী আশা করছে, পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।