নেক্সা স্টুডিওর নতুন ফোক গান “মোহ মায়া” প্রকাশের অপেক্ষায়

নেক্সা স্টুডিওর ব্যানারে নির্মিত নতুন ফোক গান “মোহ মায়া” শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। সংগীতপ্রেমীরা আগামী ৩০ মার্চ বিকেল ৫টায় Nexa Studio-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে গানটি উপভোগ করতে পারবেন।
গানটি তৈরি করা হয়েছে সুর, শব্দ ও অনুভূতির এক অনন্য সমন্বয়ে। এতে উঠে এসেছে গভীর আবেগ, জীবনের সরলতা ও মানুষের মানসিক অস্থিরতা। গানটির কথায় ধরা পড়েছে ভালোবাসার টানাপোড়েন, আকাঙ্ক্ষা আর না-পাওয়ার এক নরম ব্যথা। লেখক, গবেষক ও কথাসাহিত্যিক নাজমীন মর্তুজা এর রচনা গানটিকে দিয়েছে বিশেষ অনুভূতি ও কবিতার ছোঁয়া। তার লেখা লাইনগুলো এমন:
“যেখানেই মন দিয়েছি / সেখানেই ছিল মানা / মনে কি আর যায়রে বাঁধা / মন জানে না মনের ঠিকানা…”
গানের কণ্ঠে প্রাণ ফুটিয়েছেন নতুন প্রজন্মের গায়িকা শিল্পী বিশ্বাস, যিনি আবেগঘন কণ্ঠ ও মাধুর্যপূর্ণ সুরের মাধ্যমে গানটিকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেবার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। সুর করেছেন এস. ডি. সাগর এবং সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন, যাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে এক পরিপূর্ণ ও হৃদয়গ্রাহী রূপ।
শুধু গানের কথাই নয়, মিউজিক ভিডিওতেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। Nexa Production Team নির্মিত ভিডিওতে ফুটে উঠেছে গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য—মেঠোপথ, নদীর ঢেউ, নৌকার দোলা এবং সবুজ ফসলের মাঠ। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন মোনালিসা ও আলভি মামুন, যাদের অভিনয় গানের আবেগকে আরও প্রাণবন্ত করেছে।
নেক্সা স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, “মোহ মায়া” গানটি শ্রোতাদের মনে বিশেষ একটি জায়গা করে নেবে। আবেগ, সুর ও কণ্ঠের সমন্বয় নতুন প্রজন্মের ফোক সংগীতকে নতুন মাত্রা যোগ করবে।

















