দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় আলোচনা সভা

মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন বীরগঞ্জ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন), সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সেই সাথে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা (ইমাম ওপুরোহিত), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, যুবসমাজ ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।