টেকনাফে র্যাব-১৫ এর অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) ভোরে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী চাকমা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি ভোর ৩টা ৫৫ মিনিটে পরিচালিত হয়।
এসময় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জীবন চাকমা (২৮)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জীবন চাকমা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার বাসিন্দা। তার পিতার নাম চাইলা মং চাকমা।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।





















