কৃষি ও পানি ব্যবস্থাপনায় স্বস্তি আনতে নওগাঁর বদলগাছীতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু

নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে থাকা চাঁপাইনগর থেকে আধাইপুর পর্যন্ত ৭৫০ মিটার গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনঃখননের ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাল, বিল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, খালটি পুনঃখনন হলে বর্ষায় পানি দ্রুত নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশেপাশের জমিতে পানি জমে ফসলের ক্ষতি হতো। খাল পুনঃখননের ফলে কৃষকরা উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

চাঁপাইনগরের কৃষক মামুন বলেন, খালটি সঠিকভাবে খনন করা হলে ফসল উৎপাদন বাড়বে। আধাইপুরের বাসিন্দা রহিম জানান, খালটি পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৭৫০ মিটার খাল পুনঃখননের মাধ্যমে কয়েকশ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে, প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন ও কাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।