সিদরাতুল জান্নাতের স্মৃতিতে কচ্ছপিয়া মানব কল্যাণ ট্রাষ্টের যাত্রা শুরু

অকালপ্রয়াত শিশু সিদরাতুল জান্নাতের স্মৃতিকে ধারণ করে “কচ্ছপিয়া মানব কল্যাণ ট্রাষ্ট” নামে একটি মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। দেশ ও প্রবাস থেকে তার চিকিৎসার জন্য পাঠানো আর্থিক সহায়তার অবশিষ্ট অর্থ দিয়েই এ ট্রাষ্ট গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, সিদরাতুল জান্নাতের চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ৬২ হাজার টাকা খরচ হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করে। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির কাছে থাকা অনুদানের অর্থ একত্রিত করে মোট প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করা হয়। সেখান থেকে পারিবারিক খরচ ও আনুষ্ঠানিক ব্যয় নির্বাহের পর অবশিষ্ট প্রায় ৪ লাখ টাকা দিয়ে ট্রাষ্টের কার্যক্রম শুরু করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, যাত্রার শুরুতেই চারজন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে গর্জনিয়ার হৃদরোগী তাকরীমকে ২০ হাজার টাকা, রবিউল আলমকে ১০ হাজার টাকা, তিতার পাড়ার লিভার রোগী শামসুল আলমকে ৫ হাজার টাকা এবং মৌলভীরকাটার ক্যান্সার আক্রান্ত হুমায়রাকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

ট্রাষ্টের উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এই তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এছাড়া অনুদানের অর্থের স্বচ্ছ হিসাব নিয়মিতভাবে সবার সামনে তুলে ধরা হবে বলেও তারা জানান।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।