কক্সবাজারের উখিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানায়, শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্টের ব্লক-ডি/৯ এলাকায় জুবায়েরের বসতঘরে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে এসআরবি-১৫-এর আভিযানিক দল ওই বসতঘরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জুবায়ের। এ সময় তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জুবায়েরের দেহ, বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এসআরবি-১৫-এর দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুবায়ের তার হেফাজতে একটি দেশীয় অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে বসতঘরের শয়নকক্ষ সংলগ্ন উত্তর পাশের ডাইনিং কক্ষে একটি প্লাস্টিকের টেবিলের নিচ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে। এসআরবি-১৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্র পর্যালোচনায় জুবায়েরকে উখিয়ার চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলেও জানিয়েছে বাহিনীটি। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।