ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

উৎসবমুখর পরিবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা চত্বর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

দিনের শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈচিত্র্যময় সাজে অংশ নিয়ে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ভিন্নধর্মী অংশগ্রহণ। তারা রাজা, যুবরাজ, সেনাপতি ও ইংরেজ শাসকের সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। তাদের এই ব্যতিক্রমী উপস্থাপনা শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে।

উপজেলা চত্বরে দিনব্যাপী বসে বৈশাখী স্টল । মেলায় স্থানীয় উদ্যোক্তারা বিভিন্ন স্টল নিয়ে অংশগ্রহণ করেন। এসব স্টলে , পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্প, খেলনা ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শন ও বিক্রি করা হয়। এতে করে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটে এবং উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেন। অনুষ্ঠানজুড়ে ছিল নিরাপত্তার কড়া ব্যবস্থা, যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জবাসী পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নেয় নতুন আশা ও প্রত্যাশা নিয়ে।