খাস খতিয়ানের জমি নিয়ে বিরোধ গৌরীপুরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক চার

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি খাস খতিয়ানের জমির দখল নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের ছোট ভাই দুলাল হোসেন (৫০) গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শনিবার সকালে উপজেলার ভাঙানামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত কসম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ চার নারীকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে নিজেদের দাবি করা ও মূলত সরকারি খাস খতিয়ানভুক্ত ১৬ কাঠা ফসলি জমিতে আজ সকালে মাসকলাই বুনতে যান দুই ভাই মকবুল ও দুলাল। এ সময় জমিটি অন্যায়ভাবে নিজেদের দখলে নেওয়ার চেষ্টায় প্রতিবেশী আমানত মিয়ার চার ছেলে বাবুল, জাহাঙ্গীর, আব্দুর রাশিদ ও আনারুল তাদের চাষাবাদে বাধা দেয়।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ বাবুল তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মকবুল হোসেনের মাথায় আঘাত করেন। এতে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ছোট ভাই দুলাল হোসেন জানান, বাবুলের লাঠির আঘাতে মকবুল মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর অন্য ভাইয়েরা তাকে বেদম পিটিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে। এ সময় ভাইকে বাঁচাতে গেলে দুলালকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে।






























