নেত্রকোণায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২, আহত ১

নেত্রকোণার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ডোবায় পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে কলমাকান্দা – দুর্গাপুর সড়কে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলমাকান্দার ঘোষপাড়া এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব মিয়া (২৪) ও একই এলাকার সজীব মিয়ার ছেলে সোহান মিয়া (২০)। আহত হলেন, ঘোষপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (১৮)।

স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম জানান, ঈদের মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চা খাওয়ার পর রহিমপুর বাজার থেকে মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। এসময় এলাকার গজারমারি ব্রীজের কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ডোবায় ছিটকে পড়ে।

তখন গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে।