নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

নওগাঁর রাণীনগরে পথ রোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীযদের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ| শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এঘটনা ঘটে| আটককালে তাদের নিকট থেকে একটি ধারালো চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে| এঘটনায় রাতেই মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে| মাহাবুব আলম জানান,গত ২মাস আগেও একই স্থানে দেশীয় অস্ত্রের মুখে তার আরো একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে|
রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোনা বাজার থেকে একজনকে সাথে নিয়ে মোটরসাইলে যোগে এলাকার বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন| পথি মধ্যে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭/৮জনের ডাকাত দল তিনটি মোটরসাইকেল যোগে এসে আমার চলন্ত গাড়ীকে বেরিকেট দেয়ার চেষ্টা করে এবং লাথি ও কিল-ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয়ার এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে|এসময় স্থানীয় লোকজনকে ডাকা-ডাকি করলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে| এসময় থানাপুলিশকে খবর দিলে পুলিশসহ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে এলাকার খট্রেশ্বর মোড় এলাকায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে| আটককৃতরা হলো-নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১),বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)| এঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন| মাহাবুব আলম আরো জানান,গত দুই মাস আগেও একই স্থানে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,মোরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে| আটককৃতদের নিকট থেকে একটি ধারালো চাকু,ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি| এঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন| দায়েরকৃত মামলায় আকটকৃতদের গ্রেফতার দেখিয়ে শবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ|