নদীভাঙনে ঘরহারা মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ তৈয়ব উল্লাহ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ী নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঘরহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন কচ্ছপিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামু উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ তৈয়ব উল্লাহ।

শনিবার (১১ জুলাই) বিকেলে দোছড়ী গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি ঢেউটিন বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মুহাম্মদ তৈয়ব উল্লাহ বলেন, “দোছড়ী নদীর ভাঙনে অনেক পরিবার তাদের বসতঘর হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এই সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের জন্য এটি একটি সামান্য উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, দোছড়ী নদীর অব্যাহত ভাঙন রোধে দ্রুত একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের জরুরি ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

টিন পেয়ে উপকারভোগী পরিবারগুলো মুহাম্মদ তৈয়ব উল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, নদীভাঙনে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। এই সহায়তা নতুন করে বসতঘর মেরামতে তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দোছড়ী নদীর ভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এতে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তারা ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান।