কংশ নদে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি! ভাঙ্গন রক্ষা চাই

আমরার বাড়ি-ঘর ভাইঙ্গা নদী নিতাছেগা। তিনবার পিছনে সরাইছি কিন্তু তাও আমার কিছুই নাইগা। এহন ভিক্ষা ছাড়া আমার কোনো পুঞ্জি নাই। কথাগুলো বলছিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কংশ নদের ভাঙনে নিঃস্বপ্রায় শতবর্ষী বৃদ্ধা রেজিয়া আক্তার ও অন্যরা।
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে কংশ নদের পাড়ে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মো. হেলাল উদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, আমার বাড়ি ভেঙে নদীতে গেছেগা। নদী ঘেঁষে আমার ঘরের পালা। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে আতঙ্কে বসবাস করছি। আমাদের বাড়ি-ঘর বাঁচান, আমাদের বাঁচান।
জামাল উদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, আমরা গরিব মানুষ। বাড়ি ভেঙে গেলে আর নতুন করে করতে পারি না। গত বছরও এইদিকে দশটা বাড়ি ভাঙছে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে নজর দেবেন।
স্থানীয় বাসিন্দা মীর নুরুল আমিন বলেন, বিগত ৩০ বছর ধরে ভাঙতে ভাঙতে সব জমি বিলীন করে আজ এই নদী এখানে পর্যন্ত চলে এসেছে। আমাদের গ্রাম রক্ষায় দ্রæত উদ্যোগ নেওয়ার জন্য আমরা আমাদের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার মহোদয়ের কাছে অনুরোধ করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের। মানববন্ধনের স্মারকলিপি গ্রামবাসী দিলে আমরা তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব।





























